ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা


 বাংলাদেশের পাশে দৃঢ় অবস্থান নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও ক্রীড়াবিষয়ক সমর্থন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পাকিস্তানের এই অবস্থানের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তান সরকার ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, বুধবার মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শাহবাজ শরীফ স্পষ্ট করে বলেন, পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, কারণ খেলার মাঠে কোনো ধরনের রাজনীতি থাকা উচিত নয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এটি একটি উপযুক্ত সিদ্ধান্ত।’

এই অবস্থানকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিরল ও সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, খেলাধুলার বাইরেও এটি একটি স্পষ্ট রাজনৈতিক ও নৈতিক বার্তা বহন করে, যা আঞ্চলিক কূটনীতিতে প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট দলকে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে সরকার। তবে ওই বিবৃতিতেই স্পষ্ট করে বলা হয়, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না।

বাংলাদেশকে কেন্দ্র করে নেওয়া এই সিদ্ধান্ত দুই দেশের ক্রীড়া ও কূটনৈতিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ন্যায়বিচার ও নীতিগত অবস্থানের প্রশ্নটিও নতুন করে আলোচনায় এসেছে।

Previous Post
No Comment
Add Comment
comment url